নিজস্ব প্রতিবেদক: ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে প্রত্যর্পণ করবে না। তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।
সোমবার (৭ সেপ্টেম্বর) অনির্বাণ দাসগুপ্তের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। ওই প্রতিনিধিদল শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নয়াদিল্লির অবস্থান জানায়। তাঁরা বলে, শেখ হাসিনার সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। আটক করা হলে তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে।
প্রতিনিধিদলটি তারেক রহমানের প্রশাসনকে জোরালোভাবে জানায়, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী এবং ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা বারবার জানিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, তিনি কীভাবে ফিরবেন তা আওয়ামী লীগ এখনো ঠিক করতে পারেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন। তাঁদের মধ্যে চারজন পূর্বে কাশ্মীরে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।
