নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) তাঁকে যশোর আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে। তিনি জহুরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্র ও পরিবার জানায়, দিলু পাটোয়ারী রাজপথে থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগকে সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করতেই বিএনপি ও জামায়াতের চক্রান্তে এই মিথ্যা মামলায় আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। তাঁরা অবিলম্বে এই বানোয়াট ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবা আজিজ সিটি এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে সোপর্দ করা হয়। রাষ্ট্রপক্ষের বিরোধিতা এবং আসামিপক্ষের আইনজীবীর শুনানির পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
