নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্ক: বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির আন্তর্জাতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল (NYBFF)-কে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন নিউ ইয়র্কের সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ড। ২ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ফিল্ম ফেস্টিভ্যালটির আয়োজনকে বাংলা চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে দেওয়া বার্তায় সিনেটর গিলিব্র্যান্ড বলেন, এই আয়োজন শুধু বাংলা চলচ্চিত্রকে আলোকিত করছে না, বরং চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা অভিনেতাদেরও সম্মান জানাচ্ছে।
তিনি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলা সিনেমাকে সামনে তুলে ধরার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার উদ্যোগেরও প্রশংসা করেন।
সিনেটরের বার্তায় বলা হয়, নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং শিল্পের মাধ্যমে বৈচিত্র্যময় কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে অন্যদের অনুপ্রাণিত করবে। তিনি ফেস্টিভ্যালটির সাফল্য এবং ভবিষ্যতে আরও অনেক বছর ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিনেটর গিলিব্র্যান্ডের এই শুভেচ্ছা ও প্রশংসাবার্তা নিউ ইয়র্কের বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটিতে বিশেষ গুরুত্ব বহন করছে। আয়োজকদের মতে, একজন মার্কিন সিনেটরের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক শুভেচ্ছা ও প্রশংসা নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা এবং সাংস্কৃতিক গুরুত্বের একটি ইতিবাচক প্রতিফলন।
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের লক্ষ্য বাংলা ভাষার চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকে নিউ ইয়র্কের আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিসরে তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা।
সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ড বর্তমানে নিউ ইয়র্কের একজন মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সিনেটরের এই বার্তা তাই শুধু একটি শুভেচ্ছা নয়, প্রবাসের মাটিতে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
