ফোরটিন ডেস্ক : আমেরিকার নিউ ইয়র্কে অলাভজনক সামাজিক সংস্থা ‘গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স’ (জিবিএ)-এর নির্বাহী কমিটির এক বিশেষ ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী গঠনতন্ত্র (Bylaws) কমিটি গঠন করা হয়েছে।
একইসঙ্গে অননুমোদিত কমিটি গঠন, পদের অপব্যবহার ও অনুমতি ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের অভিযোগে ৩ সদস্যকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
আজ শনিবার (১ আগস্ট, ২০২৬) নিউ ইয়র্কে অনুুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গঠিত তিন সদস্যের গঠনতন্ত্র কমিটির সদস্যরা হলেন—জিবিএ-র চেয়ারম্যান মিজান চৌধুরী এবং নির্বাহী কমিটির বাইরের দুজন প্রতিনিধি: বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ড. সৈয়দ আল আমীন রাসেল ও সংবাদমাধ্যম ব্যক্তিত্ব কামরুল ইসলাম সনি।
জিবিএ নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়, অননুমোদিতভাবে জিবিএ কমিটি গঠন, পদের অপব্যবহার, অনুমোদনহীন ডিজিটাল প্ল্যাটফর্ম ও লোগো ব্যবহার, সদস্যদের অনুমতি ছাড়া নাম ব্যবহার এবং পৃথক সংবাদ সম্মেলনের পরিকল্পনাসহ গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোহাম্মদ সালেহ আহমেদ, আজম চৌধুরী ও সোহেল আহমেদকে সংগঠন থেকে ইতোমধ্যেই চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
একই নোটিশে জিবিএ নির্বাহী কমিটি সাধারণ প্রবাসী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে অনুরোধ জানিয়েছে, উক্ত বহিষ্কৃত ব্যক্তিদের সাথে জিবিএ সংক্রান্ত যেকোনো প্রকার দাপ্তরিক যোগাযোগ, আর্থিক লেনদেন বা সাংগঠনিক কর্মকাণ্ড না করার জন্য। এর ব্যত্যয় ঘটলে জিবিএ কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না।
