নিজস্ব প্রতিবেদক
জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার অভিযোগ এনে ময়মনসিংহের নান্দাইলে এক মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
অব্যাহতি পাওয়া ওই খতিবের নাম মাওলানা মোজাহিদুল ইসলাম। তিনি নান্দাইল পৌরসভার বেতাল মহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর জুমার খুতবায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া হয়।
স্থানীয় ও মসজিদ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার নামাজের আগে দেওয়া খুতবায় মাওলানা মোজাহিদুল ইসলাম মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস এবং এ থেকে মুসলিমদের বিরত থাকার বিষয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে তিনি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করেন। খতিবের দাবি, ওই বক্তব্যের জের ধরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। খুতবার মূল বিষয়ের উদাহরণ হিসেবে শেখ হাসিনার প্রসঙ্গ টেনেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া জানান, খতিব জামায়াতের রাজনীতি করে। তিনি মসজিদে রাজনৈতিক আলোচনা এবং শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলাসহ পূর্বে খালেদা জিয়ার নামে দোয়া না করার কারণে কমিটির সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নজরে আসার পর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেক জানান, গণমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানার পর রোববার স্থানীয় থানাকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
