নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড যশোরের আয়োজনে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কমান্ডের আহ্বায়ক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, তৌহিদ আহমেদ এবং একরামুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি চরম অবমাননা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোলাম রসুল ও অলিয়ার রহমানের পরিচালনায় কর্মসূচিতে মানববন্ধন পরিচালনা করেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। সমগ্র কর্মসূচির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ আনিসুর রহমান। এ ছাড়া চিকিৎসা সহায়তায় দায়িত্ব পালন করেন জেলা কমান্ডের সদস্য আবুল কাশেম এবং স্বেচ্ছাসেবক দলের সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান।
