ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য যাচাই নজিরবিহীন মাত্রায় কঠোর করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ড, অভিবাসন আইন লঙ্ঘন, বিভ্রান্তিকর তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের দাবি অনুযায়ী, দেশটির ইতিহাসে এর আগে কোনো একক প্রশাসনের আমলে এত দ্রুত এবং বিপুল সংখ্যায় ভিসা বাতিলের নজির নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ভিসা সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা স্থানীয় আইন ভঙ্গ করছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন, তাদের বিষয়ে কোনো শিথিলতা দেখানো হচ্ছে না। কনস্যুলার বিষয়ক ব্যুরোর অধীনে প্রতিষ্ঠিত ‘কন্টিনিউয়াস ভেটিং সেন্টার’ বা ধারাবাহিক যাচাই কেন্দ্রের মাধ্যমে ইতোমধ্যে ২৩ হাজারের বেশি ভিসা বাতিল হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ রয়েছে মারামারি ও হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকের মতো অপরাধে সংশ্লিষ্টতার দায়ে। এ ছাড়া সন্তান জন্ম দিয়ে স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার সুবিধা নিতে আসা চার হাজারের বেশি ‘জন্ম পর্যটন’ সংশ্লিষ্ট ভিসাও বাতিল করা হয়েছে।
একই সঙ্গে নতুন ভিসা আবেদনকারী এবং নবায়নপ্রত্যাশীদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থী (এফ-১ ও এম-১), দক্ষ কর্মী (এইচ-১বি) এবং এক্সচেঞ্জ ভিজিটরদের পাশাপাশি বিদেশি গণমাধ্যমকর্মীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা উন্মুক্ত রেখে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসা বাতিল মানেই তাৎক্ষণিক দেশত্যাগ বা স্বয়ংক্রিয় বহিষ্কার নয়; তবে বৈধ অবস্থান বা স্ট্যাটাস নিয়ে জটিলতা দেখা দিলে দ্রুত যোগ্য অভিবাসন আইনজীবীর শরণাপন্ন হওয়া জরুরি।
আমেরিকায় অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের মধ্যেও এই পদক্ষেপে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে পররাষ্ট্র দপ্তর এখনো দেশভিত্তিক কোনো পৃথক পরিসংখ্যান প্রকাশ করেনি এবং বাংলাদেশিদের সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে কোনো অভিযান চলছে—এমন তথ্যের সত্যতা মেলেনি। সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন, অহেতুক আতঙ্কিত না হয়ে বৈধ অভিবাসন মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের শর্তাবলি যথাযথভাবে মেনে চলাই এই মুহূর্তে প্রবাসীদের জন্য প্রধান করণীয়।
