নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শাহাদাত ওই এলাকার শামসুল শেখের ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরে তার হাত-পা বাঁধা মরদেহ মত্তগ্রাম সড়কের ওপর ফেলে রাখা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, নিজ এলাকায় চুরি করতে গেলে লোকজন শাহাদাতকে দেখে ফেলে এবং তাকে আটকে রেখে মারধর করে। সকালে খবর পেয়ে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
