নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদা না দেওয়ার জেরে মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার পর তাঁর দুই হাত কেটে বিচ্ছিন্ন করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গভীর বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আমন ধান রক্ষার জন্য মঙ্গলবার রাতে বিলের জমিতে পাহারা দিতে যান নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে এবং দুটি হাত শরীর থেকে পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করে লাশ বনের ভেতর ফেলে রেখে যায়। সকালে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের প্রতিবেশী ও স্বজনদের অভিযোগ, মাত্র চার দিন আগে নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী নেজাম উদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে এমন নৃশংসতা চালানো হয়েছে বলে তাঁদের ধারণা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, নিহতের শরীরের দুই হাত ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। ঘটনার পরপরই জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
