নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ধানমণ্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চারজনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতৃবৃন্দের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে দলটির কেন্দ্র ও মহানগরী শাখার পক্ষ থেকে এই অপ্রীতিকর ঘটনার জন্য তীব্র দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।
পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের বিস্তারিত পর্যালোচনার আলোকে দোষী সাব্যস্ত হওয়ায় ওই চারজনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
