নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে এক প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসমাইলকে তাঁর দলীয় সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁকে চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেয় দলটির মহানগর শাখা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি জানান, সার্বিক দিক বিবেচনা করে মহানগর সংগঠন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, ২০২৩ সাল থেকে তিনি সিঙ্গাপুরে অবস্থানকালে স্ত্রীর ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ওপর নজরদারি শুরু করেন। একপর্যায়ে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে জামায়াত নেতা ইসমাইলের অনৈতিক যোগাযোগের তথ্য-প্রমাণ পান। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ইসমাইলের পক্ষ থেকে স্ত্রীর মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে এ নিয়ে প্রবাসীর পরিবার ও তাঁর স্ত্রীর পরিবারের মধ্যে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে অনৈতিক সম্পর্কের কথা প্রমাণিত হওয়ার পর ও নিরাপত্তার স্বার্থে ওই প্রবাসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
ঘটনার পর প্রবাসীর স্বজনেরা অনৈতিক সম্পর্কের যাবতীয় নথি ও প্রমাণাদি মহানগর জামায়াত নেতৃত্বের হাতে তুলে দেন। অভিযোগের প্রেক্ষিতে গঠিত দলীয় তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে মহানগর কমিটিতে প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৭ অক্টোবর মোহাম্মদ ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের পদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ৮ অক্টোবর ইসমাইলের স্থানে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা আমিরের নতুন দায়িত্ব দেওয়া হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ইসমাইল দাবি করেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি সম্পূর্ণ নির্দোষ।
