নিজস্ব প্রতিনিধি : রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
আটক হওয়া পুলিশ সদস্য রনি রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, যে নারীর বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে তাঁর স্বামী বর্তমানে সৌদি আরব প্রবাসী এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারী তাঁর নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ সদস্য রনি সেখানে প্রবেশ করলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। পরে এলাকাবাসী ওই বাসায় ঢুকে তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে মাহিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে সৌদি প্রবাসী স্বামী তাঁর বাবার সহযোগিতায় এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রবাসীর পরিবার থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, পুলিশ সদস্য রনিকে ইতিমধেই রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
