নিজস্ব প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় কোনো সুনির্দিষ্ট মামলা না থাকার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজগর আলী বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে বাঘারপাড়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে গভীর রাতে বাড়িতে ভাঙচুর ও হেনস্তার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।
অধ্যক্ষ আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করে জানান, দিবাগত রাত একটার দিকে পুলিশ তাঁদের বাড়িতে হানা দেয়। সকাল হলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানালেও পুলিশ তা শোনেনি। একপর্যায়ে পুলিশ ঘরের বাইরে থাকা কোদাল ও শাবল দিয়ে দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং মই এনে নির্মাণাধীন দোতলার ছাদে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে।
পরিবারের দাবি, হয়রানি ও ভাঙচুর এড়াতে একপর্যায়ে অধ্যক্ষ আজগর আলী নিজেই ঘরের দরজা খুলে বাইরে এলে রাত তিনটার দিকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আজগর আলী একসময় জেলা কমিটির সদস্য থাকলেও বর্তমানে জেলা বা উপজেলার কোনো কমিটিতে নেই এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।
তবে পুলিশের পক্ষ থেকে ভাঙচুর ও গালাগালের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা না খোলায় তাঁরা দরজা খোলার চেষ্টা করেছিলেন মাত্র, কোনো কোদাল বা শাবল ব্যবহার করা হয়নি।
ওসি আরও দাবি করেন, আজগর আলী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে, যদিও ওই মামলার মূল এজাহারে তাঁর নাম উল্লেখ ছিল না।
