নিজস্ব প্রতিবেদন: বাংলার ইতিহাসের অন্যতম কিংবদন্তি রাজনীতিবিদ ও উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক তোফায়েল আহমেদ-এর মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে শোক ব্যানার প্রদর্শন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের হল শাখা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তৎকালীন ইকবাল হলের ছাত্রনেতা তোফায়েল আহমেদ ছিলেন উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক। তাঁর নেতৃত্ব ও অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা দাবি করেন, তোফায়েল আহমেদের মতো জাতীয় নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার সুযোগ না দেওয়া জাতির জন্য দুঃখজনক।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, ধানমন্ডিতে তাঁর জানাজাকে কেন্দ্র করে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক
শেখ মোহাম্মদ নাঈম বলেন, “এই হল তোফায়েল আহমেদের হল। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। জাতি তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।”
শোক ব্যানার প্রদর্শন কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং প্রয়াত এই বর্ষীয়ান নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
