নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে ছাত্রলীগ। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ সভার আয়োজন করা হয়। সভার ব্যানারে ‘তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’ লেখা ছিল। সভায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন এবং স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করলেও এর আগেই সভাস্থল ত্যাগ করেন উপস্থিত নেতা-কর্মীরা। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, সংগঠনের সভায় অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
