জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের প্রথম প্যাকেজটি মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থাপিত মোট ১১টি প্রস্তাবের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি কমিটি সুপারিশ করেছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা ৭ একর এবং প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ২০০ একর ভূমি উন্নয়নের জন্য মোট পাঁচটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্যাকেজ-১-এর ভেরিয়েশনসহ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মূল প্রকল্পের ক্রয়মূল্য ১৮৯ কোটি ৫৭ লাখ টাকা থাকলেও, ভেরিয়েশনের কারণে আরও ১০ কোটি ১৯ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে।
ব্যয় বাড়ার ফলে এই প্যাকেজের সংশোধিত মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮৬৫ টাকা। নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়ায় এই ভেরিয়েশন প্রস্তাব করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই কাজের অনুমোদনের ফলে নতুন ক্যাম্পাসের উন্নয়নে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, টেন্ডার দেওয়ার সময় নির্মাণ সামগ্রীর দাম কম থাকলেও বর্তমানে রডসহ অন্যান্য জিনিসের দাম অনেক বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছিল। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর আজকের সভায় এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দ্রুতই নতুন ক্যাম্পাসের কাজ শুরু হবে।
