নিজস্ব প্রতিনিধি :
মানিকগঞ্জে কৃষ্ণ রাজবংশী নামের এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকার জন্য পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চুরির অপবাদে একদল লোক তাঁকে মারধর করে আটকে রেখে টাকা দাবি করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বাজার কমিটির সদস্যরা এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত কৃষ্ণ রাজবংশী সদর উপজেলার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েকদিন আগে তরা বাজারের একটি আড়ৎ থেকে চিংড়ি মাছ চুরির সন্দেহে বুধবার রাতে কৃষ্ণকে ধরে নিয়ে আসা হয়। এরপর তাঁকে বাজার সমিতির ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়।
নিহতের স্ত্রী যমুনা রানী রাজবংশী জানান, সকালে খবর পেয়ে তিনি বাজারে গিয়ে দেখেন তাঁর স্বামীর হাত-পা ভেঙে ফেলা হয়েছে এবং তিনি উঠে দাঁড়ানোর অবস্থায় ছিলেন না। বাজার কমিটি চুরির ক্ষতিপূরণ বাবদ ৪০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে কৃষ্ণকে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেয়।
যমুনা রানী টাকা জোগাড় করতে বাড়িতে আসার পর বিকেলে খবর পান তাঁর স্বামী মারা গেছেন। তাঁর দাবি, কৃষ্ণকে পিটিয়ে মেরে ফেলার পর এখন নাটক সাজানো হচ্ছে। কৃষ্ণের ছোট ভাই বিষ্ণু রাজবংশীও দাবি করেছেন, যার হাত-পা ভেঙে ফেলা হয়েছে, তাঁর পক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করা অসম্ভব।
তরা বাজারের উপদেষ্টা হারুনুর রশিদ জানান, তিনি বেলা ১১টার দিকে কৃষ্ণকে হাত বাঁধা অবস্থায় দেখেছিলেন এবং তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলে অন্য মিটিংয়ে চলে যান। পরে বিকেলে মৃত্যুর খবর পান। ঘটনার পর থেকে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় তরা বণিক সমিতির অফিস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
