নিজস্ব প্রতিনিধি : হামে আক্রান্ত শিশুসন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন মুশফিকুর রহমান নামে এক ‘জুলাইযোদ্ধা’।
২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এই যুবকের আক্ষেপভরা পোস্টটি এখন নেটিজেনদের ‘তুলোধুনার’ মুখে পড়েছে।
মুশফিকের পোস্ট সূত্রে জানা গেছে, বিয়ের ছয় বছর পর তাঁর কোল আলো করে আসে এক পুত্রসন্তান। সম্প্রতি শিশুটি প্রথমে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং পরবর্তীতে তাঁর পুরো শরীরে হাম ছড়িয়ে পড়ে। মুশফিক তাঁর পোস্টে লিখেছেন, “কী সুন্দর দেখতে আমার ছেলেটা, অথচ আজ সেই শরীরের প্রতিটা জায়গায় হাম।
হাসি ভুলে গেছে সে, এখন তার ভাষাই হলো কান্না। আজ সারাদিন অনেক কেঁদেছি আর ছেলের কাছে মাফ চেয়েছি এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য। সরি বাবা, আমি সত্যি অনেক সরি।”

পোস্টে সংযুক্ত একটি ছবিতে দেখা যায়, অসুস্থ সন্তানকে কোলে নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। তবে এই আবেগঘন পোস্টটির বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
অনেক নেটিজেন মন্তব্য করেছেন, শেখ হাসিনা সরকারের আমলে যে টিকাদান কর্মসূচির মাধ্যমে সংক্রামক রোগের হার প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছিল, আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে বিদায় করে স্বাস্থ্যখাতকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন এই জুলাইযোদ্ধারাই।
সংশ্লিষ্টদের অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে টিকা আমদানিতে স্থবিরতা ও অব্যবস্থাপনার কারণে দেশজুড়ে হামের টিকার তীব্র সংকট তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধের জন্য ৯০-৯৫ শতাংশ টিকাদানের প্রয়োজন থাকলেও বর্তমানে তা ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে দেশজুড়ে হাম, নিউমোনিয়াসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়েছে।
মুশফিকের পোস্টের প্রতিক্রিয়ায় অনেকে লিখেছেন, “রাষ্ট্র তোমার সন্তানকে হাম দেয়নি, তুমিই তোমার সন্তানের জন্য হামকে ডেকে এনেছ জুলাইর মাধ্যমে।” নেটিজেনদের দাবি, সরকার পতনের হঠকারী সিদ্ধান্তের কারণে আজ নিজের পরিবারের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও চরম স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছেন এই জুলাইযোদ্ধারা। যে টিকাদান কর্মসূচি একসময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করত, তা আজ মুখথুবড়ে পড়ায় হাজারো শিশু কষ্টের শিকার হচ্ছে।
