নিজস্ব প্রতিবেদক, দেশে মব সহিংসতা, কারা হেফাজতে মৃত্যু এবং নারী ও শিশুর ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে মব সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন। একই সময়ে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ২১ জনের। এ ছাড়া ২৩৬ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে ৭৯টি ধর্ষণের ঘটনা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিএইচআরএফ।
সংগঠনটির চেয়ারম্যান আইনজীবী এলিনা খান ও মহাসচিব আইনজীবী জিয়া হাবীব আহসান এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি, মব জাস্টিস, কারা হেফাজতে সন্দেহজনক মৃত্যু এবং নারী ও শিশুর ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। নোয়াখালীতে ৪৩ বছর বয়সী এক রিকশাচালককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শরীয়তপুরে বস্তাবন্দি অবস্থায় গলাকাটা উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুর মরদেহ।
বিএইচআরএফের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নারী নির্যাতনের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া কুমিল্লায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনা এবং রাজবাড়ী ও রাজশাহীতে শিশুদের ওপর যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশৃঙ্খলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মব হয়রানির শিকার হয়ে ১ হাজার ২০০-এর বেশি শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না। এ ছাড়া আরএমইউর উপাচার্যকে বন্দুকের মুখে পদত্যাগে বাধ্য করার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এলিনা খান বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রকে এক চরম অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনটির মহাসচিব জিয়া হাবীব আহসান বলেন, কারা হেফাজতে মৃত্যু এবং নারী ও শিশুর ওপর পাশবিক নির্যাতন কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। নাগরিকদের জীবন ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বিএইচআরএফ এসব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
Comments
Previous Articleনিউইয়র্কে বাড়ি কিনলেই মিলবে ১ লাখ ডলার, জেনে নিন শর্ত
