নিজস্ব প্রতিবেদক
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফাহমিদা আলম ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ফাহমিদা।
ইংরেজিতে দেওয়া পোস্টে ফাহমিদা লেখেন, ‘লজ্জা! এটাই কি আপনার পরিকল্পনা, তারেক রহমান?’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, অফিসে যাওয়ার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি র্যালির কারণে সড়কে চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় জাতীয় সংসদ ভবনের সামনে র্যালিতে অংশ নেওয়া একজন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।
ফাহমিদার অভিযোগের বিষয়ে বিএনপি, যুবদল বা ছাত্রদলের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
