নিজস্ব প্রতিনিধি: দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৬ জন ছিলেন হামের উপসর্গধারী। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫ জন। পাশাপাশি সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে। আক্রান্তদের মধ্যে ১৩ হাজার ১২৯ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৪৯৬ জন।
শিশুমৃত্যুর এই উচ্চহার রোধে সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে বিশেষ টিকাদান কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) শুরু হয়েছে। আক্রান্ত শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের গুজবে কান না দিয়ে দ্রুত শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে।
