নিজস্ব প্রতিনিধি
পুলিশের চাকরি থেকে দেড় দশক আগে বরখাস্ত হওয়া আলোচিত কর্মকর্তা মো. কোহিনুর মিয়াকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, চতুর্থ গ্রেড) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনুর মিয়াকে (বিপি-৬৭১৯০৯২১) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হলো।
আদেশে উল্লেখ করা হয়েছে, তাঁর এই পদোন্নতি ৭ এপ্রিল ২০১৫ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। এর ফলে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা সরকারি বিধি মোতাবেক ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
কোহিনুর মিয়ার এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাঁর এই প্রত্যাবর্তনের ঘটনাপ্রবাহ নিচে তুলে ধরা হলো, ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ৯ মার্চ তাঁর সেই দীর্ঘকালীন বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয়। বরখাস্তের আদেশ প্রত্যাহারের ফলে তিনি সব সুযোগ-সুবিধাসহ পুনরায় সরকারি চাকরিতে ফেরার আইনি বৈধতা লাভ করেন।
দেড় যুগ আগে ঢাকা ও ময়মনসিংহে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনের সময় মো. কোহিনুর মিয়া বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশজুড়ে আলোচিত হন। তৎকালীন বিরোধী দলের আন্দোলন দমনে তাঁর বিতর্কিত ভূমিকা এবং নেতা-কর্মীদের ওপর নির্যাতনের নানা অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-পশ্চিম) হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দীর্ঘ দেড় দশক পর পুলিশের উচ্চপদে তাঁর এই পদোন্নতিকে অত্যন্ত রহস্যজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
