আমরা এখন মার্কিন–ইরান যুদ্ধ নিয়ে অনেক কথা শুনছি। প্রযুক্তি, অস্ত্র, অর্থনীতি—সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়টা খুবই সহজ মনে হতে পারে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যদি একটি দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে ফলাফল তো পরিষ্কারই হওয়ার কথা। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়—বাস্তবতা এতটাও সরল নয়।
গেম থিওরিতে একটা ধারণা আছে, যার নাম “অসামঞ্জস্যের নিয়ম” (Law of Asymmetry)। এই তত্ত্ব বলে, যুদ্ধ বা সংঘর্ষে শক্তিশালী পক্ষ সব সময় জয়ী হয় না। অনেক সময় দুর্বল পক্ষই জিতে যায়। কারণ শক্তি শুধু অস্ত্র, প্রযুক্তি বা অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়—সমাজের কাঠামো, মানুষের মনোবল, রাজনৈতিক ঐক্য—এই বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসে এমন উদাহরণ কম নয়। পারস্য ছিল এক সময়ের বিশ্বসাম্রাজ্য, কিন্তু ছোট ছোট গ্রিক শহররাষ্ট্রের কাছে তারা পরাজিত হয়েছিল। আবার ম্যাসেডোনিয়ার মতো তুলনামূলক ছোট শক্তি গ্রিসের বিচ্ছিন্ন শহররাষ্ট্রগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে এনে আলেকজান্ডারের নেতৃত্বে পুরো পারস্য সাম্রাজ্য দখল করে নেয়। রোমানরা শুরু করেছিল একটি ছোট উপজাতি হিসেবে, পরে তারা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। একইভাবে, যাযাবর মঙ্গোলরা চেঙ্গিস খানের নেতৃত্বে তাদের অদম্য মনোবল ও গতির জোরে সমকালীন বিশ্বের সব বড় বড় সাম্রাজ্য ধুলিসাৎ করে দেয়। অর্থাৎ ইতিহাসের ধারাবাহিকতায় আমরা বারবার দেখেছি—ছোট শক্তি বড় সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছে, কখনো কখনো পরাজিতও করেছে। প্রশ্ন হলো—কেন?
একটি সাম্রাজ্যের সাধারণত তিনটি বড় শক্তি থাকে। প্রথমটা হলো সংখ্যাগত শক্তি (Mass)। সহজ ভাষায় বললে—মানুষ বেশি, সম্পদ বেশি, মিত্র বেশি। বড় শক্তিরা শুধু নিজের দেশের শক্তির ওপর নির্ভর করে না; তারা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে। যুক্তরাষ্ট্রের উদাহরণ নিলেই বিষয়টা পরিষ্কার হয়। তাদের নিজের জনসংখ্যা প্রায় ৩৫ কোটি। কিন্তু বাস্তবে এখানেই শেষ নয়। ইউরোপের বড় বড় দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া—এসব দেশ সামরিক ও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের মিত্র। আরব দেশগুলো সহ পৃথিবীর নানা জায়গায় তাদের সামরিক ঘাঁটি আছে। ফলে যুদ্ধের সময় শুধু আমেরিকা নয়, কার্যত পুরো একটা জোটের শক্তিই কাজ করে। তাই বাইরে থেকে দেখলে মনে হয়—এই শক্তির সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব।
দ্বিতীয় শক্তি হলো সংগঠন (Organization)। বড় সাম্রাজ্য শুধু সংখ্যায় বড় নয়; তাদের প্রশাসন, প্রযুক্তি, গবেষণা ও সামরিক কাঠামোও অত্যন্ত উন্নত। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটা বিশাল সুবিধা দেয়। স্যাটেলাইট দিয়ে পৃথিবীর যেকোনো জায়গা পর্যবেক্ষণ করা, ড্রোন দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা, স্টেলথ যুদ্ধবিমান দিয়ে রাডারের চোখ এড়িয়ে হামলা করা—এসব প্রযুক্তি সাধারণ কোনো দেশের পক্ষে তৈরি করা বা বজায় রাখা খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের মতো শক্তি এসব প্রযুক্তি শুধু তৈরি করে না, বরং এগুলো পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশাল বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাঠামোও গড়ে তোলে। তাই যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রযুক্তিগত দিক থেকে তারা এগিয়ে থাকে।
তৃতীয় শক্তি হলো ক্ষয় সহ্য করার সক্ষমতা—অর্থাৎ বড় শক্তিরা হারলেও আবার ফিরে আসতে পারে। ছোট দেশগুলোর জন্য একটা বড় যুদ্ধই অনেক সময় চূড়ান্ত হয়ে যায়; কিন্তু সাম্রাজ্যের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাদের অর্থনীতি বড়, শিল্প উৎপাদন বড়, অস্ত্র তৈরি করার কারখানা বেশি। ফলে যুদ্ধক্ষেত্রে কিছু ক্ষতি হলেও তারা নতুন সৈন্য, নতুন অস্ত্র, নতুন অর্থ জোগাড় করে আবার যুদ্ধ চালিয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আমরা দেখেছি—শুরুর দিকে বড় ধাক্কা খাওয়ার পরও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুত শিল্প উৎপাদন বাড়িয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পেরেছিল।
সংখ্যাগত শক্তি, সংগঠন এবং ক্ষয় সহ্য করার ক্ষমতা একটি সাম্রাজ্যকে প্রায় অজেয় হিসেবে উপস্থাপন করে। মনে হতে পারে, এমন শক্তির বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব। কিন্তু মজার ব্যাপার হলো, সময়ের পরিক্রমায় এই সুবিধাগুলোই অনেক সময় সমস্যায় পরিণত হয়। বাইরে থেকে সাম্রাজ্য যত শক্তিশালীই দেখাক, ভেতরে ভেতরে ধীরে ধীরে কিছু কাঠামোগত দুর্বলতা তৈরি হতে থাকে।
প্রথমেই ধরা যাক সংখ্যাগত শক্তির বিষয়টা। শুরুতে এটা শক্তি মনে হলেও সময়ের সাথে সাথে বড় বৈষম্য তৈরির কারণ হয়। যখন মানুষের সংখ্যা অনেক বেশি হয়, তখন সম্পদের জন্য প্রতিযোগিতাও বাড়ে। সবাই সমান সুযোগ পায় না। কেউ খুব দ্রুত ধনী হয়ে যায়, কেউ আবার পিছিয়ে পড়ে। ধীরে ধীরে সমাজে একটা বিভাজন তৈরি হয়—ধনী ও দরিদ্র, কেন্দ্র ও প্রান্ত, ক্ষমতাবান ও সাধারণ মানুষ। রোমান সাম্রাজ্যের শেষ সময়ে আমরা এটা স্পষ্টভাবে দেখি। বিশাল সাম্রাজ্যের সম্পদ মূলত অল্প কিছু অভিজাতের হাতে জমা হতে থাকে, আর সাধারণ মানুষের জীবন ক্রমশ কঠিন হয়ে ওঠে। ফলে রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্যও কমতে থাকে। একটা সময় আসে যখন সাধারণ মানুষ আর সাম্রাজ্যের জন্য প্রাণ দিতে আগ্রহী থাকে না। আধুনিক সময়েও এর কিছু লক্ষণ দেখা যায়। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও সেখানে আয়ের বৈষম্য গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে; বড় প্রযুক্তি ও আর্থিক কর্পোরেশনগুলোর হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মেরুকরণও তীব্র হয়েছে—ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিভাজন এতটাই গভীর যে অনেক সময় জাতীয় ঐকমত্য তৈরি করাই কঠিন হয়ে পড়ে। ফলে কাগজে-কলমে শক্তি বিশাল হলেও সমাজের ভেতরের এই বৈষম্য ও বিভাজন দীর্ঘমেয়াদে সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করতে পারে।
দ্বিতীয় সমস্যা তৈরি হয় সংগঠন থেকে। বড় সাম্রাজ্যের প্রশাসন, আমলাতন্ত্র, সামরিক কাঠামো—সবকিছুই বিশাল। কিন্তু এর ভেতরেই তৈরি হয় একটি শক্তিশালী অভিজাত শ্রেণি। ইতিহাসবিদ পিটার টারচিন এই সমস্যাকে বলেছেন “Elite Overproduction”। অর্থাৎ ক্ষমতা চাইতে থাকা মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, কিন্তু ক্ষমতার আসন তো সীমিত। ফলে অভিজাত শ্রেণির মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতা ধীরে ধীরে দলাদলি ও রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। রোমান প্রজাতন্ত্রের শেষ সময়ে সিনেটের ভেতরে ক্ষমতার লড়াই, ফরাসি বিপ্লবের আগে ফরাসি অভিজাতদের ভেতরের দ্বন্দ্ব—এসব তারই উদাহরণ। আধুনিক সময়েও বড় শক্তির ভেতরে আমরা রাজনৈতিক মেরুকরণ দেখি—যেখানে ভিন্ন রাজনৈতিক শিবির একে অপরকে প্রায় শত্রুর মতো দেখতে শুরু করে। তখন রাষ্ট্রের শক্তির একটা বড় অংশ বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, বরং ভেতরের দ্বন্দ্ব সামলাতেই ব্যয় হয়।
তৃতীয় সমস্যা আসে অহংকার থেকে। যখন একটি সাম্রাজ্য দীর্ঘ সময় ধরে জয় পেতে থাকে, তখন ধীরে ধীরে একটা মানসিকতা তৈরি হয়—“আমরা ভুল করতে পারি না।” এই মনোভাবকে ইতিহাসে বলা হয় Hubris। তখন নেতৃত্ব অনেক সময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা ধরে নেয়, তাদের প্রযুক্তি, অর্থনীতি বা সামরিক শক্তি এত বেশি যে যেকোনো পরিস্থিতিতে তারা জিতবেই। কিন্তু বাস্তবে যুদ্ধের ময়দান অনেক বেশি জটিল। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা তার একটি বড় উদাহরণ। প্রযুক্তি ও সামরিক শক্তিতে এগিয়ে থাকার পরও ভিয়েতনামে দীর্ঘ গেরিলা প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি। কারণ যুদ্ধ শুধু অস্ত্রের নয়—এটা ধৈর্য, সমাজের ঐক্য এবং দীর্ঘমেয়াদী মনোবলেরও পরীক্ষা।
এই কারণেই ইতিহাসে আমরা বারবার দেখি—বড় সাম্রাজ্য অনেক সময় নিজের দুর্বলতা বুঝতে দেরি করে। বাইরে থেকে তারা যতই শক্তিশালী দেখাক, ভেতরে ভেতরে ধীরে ধীরে এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায়—একদিকে ভঙ্গুর, অন্যদিকে অনমনীয়। পরিবর্তনের প্রয়োজন থাকলেও তারা দ্রুত মানিয়ে নিতে পারে না। আর ঠিক তখনই সুযোগ তৈরি হয় ছোট কিন্তু বেশি অনুপ্রাণিত প্রতিপক্ষের জন্য। সংখ্যায় তারা কম হতে পারে, সম্পদেও পিছিয়ে থাকতে পারে; কিন্তু লড়াইয়ের ইচ্ছা, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং সামাজিক সংহতির দিক থেকে তারা অনেক সময় এগিয়ে থাকে। এই কারণেই তুলনামূলক দুর্বল রাষ্ট্রেরও কিছু বিশেষ সুবিধা তৈরি হয়, যা বড় সাম্রাজ্যের শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারে। সাধারণভাবে এই সুবিধাগুলো তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে—অনুপ্রেরণা, অভিযোজন ক্ষমতা এবং সামাজিক ঐক্য।
প্রথম উপাদানটি হলো অনুপ্রেরণা বা অস্তিত্বের লড়াই। যখন একটি সমাজ মনে করে যে তাদের রাষ্ট্র, সংস্কৃতি বা অস্তিত্বই হুমকির মুখে, তখন তারা অদম্য হয়ে ওঠে। তখন যুদ্ধটা শুধু রাজনীতি বা ভূখণ্ডের প্রশ্ন থাকে না; এটা হয়ে যায় বেঁচে থাকার প্রশ্ন। ভিয়েতনাম যুদ্ধ এর একটি বড় উদাহরণ। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে ছিল। কিন্তু ভিয়েতনামের মানুষের কাছে যুদ্ধটা ছিল স্বাধীনতার লড়াই। তাদের কাছে পরাজয় মানে ছিল নিজেদের অস্তিত্ব হারানো। সেই কারণেই তারা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে পেরেছিল, যদিও প্রতিপক্ষ ছিল অনেক শক্তিশালী।
দ্বিতীয় বিষয়টি হলো অভিযোজন ক্ষমতা। ছোট বা দুর্বল রাষ্ট্রগুলো অনেক সময় পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। তারা যুদ্ধের কৌশল বদলাতে পারে, নতুন পদ্ধতি ব্যবহার করতে পারে, এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে পারে। বড় সাম্রাজ্য অনেক সময় তাদের বড় আমলাতান্ত্রিক কাঠামোর কারণে এত দ্রুত পরিবর্তন করতে পারে না। উদাহরণ হিসেবে আফগানিস্তানের কথা বলা যায়। ইতিহাসে একাধিক শক্তিশালী সামরিক শক্তি সেখানে প্রবেশ করেছে—ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিবারই দেখা গেছে, স্থানীয় গেরিলা যুদ্ধের কৌশল, ভৌগোলিক সুবিধা এবং দীর্ঘমেয়াদী ধৈর্যের কারণে বড় শক্তিগুলো সেখানে স্থায়ীভাবে সফল হতে পারেনি।
তৃতীয় উপাদানটি হলো সামাজিক ঐক্য। যখন একটি সমাজ একসাথে একটি লক্ষ্য নিয়ে দাঁড়ায়, তখন তাদের শক্তি বহুগুণ বেড়ে যায়। মানুষ তখন ব্যক্তিগত স্বার্থের চেয়ে সামষ্টিক স্বার্থকে বড় মনে করে। রাষ্ট্র, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সমন্বয় তৈরি হয়, যেখানে সবাই নিজ নিজ জায়গা থেকে একই লড়াইয়ের অংশ হয়ে ওঠে। ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী ছিল অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। অস্ত্র, প্রশিক্ষণ এবং সামরিক কাঠামোর দিক থেকে তাদের প্রাধান্য ছিল স্পষ্ট। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যুদ্ধটা ছিল অস্তিত্বের লড়াই—ভাষা, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রশ্ন। ফলে সমাজের সকল স্তরের মানুষ ‘বাঙালি জাতীয়তাবাদ’-এ উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধে নেমে আসে। মুক্তিযোদ্ধা, সাধারণ গ্রামবাসী, ছাত্র, শ্রমিক—সবাই নিজ নিজভাবে সেই লড়াইয়ের অংশ হয়ে ওঠে। এই সামাজিক ঐক্যই যুদ্ধকে শুধু একটি সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ রাখেনি; বরং এটিকে একটি সর্বজনীন জাতীয় সংগ্রামে পরিণত করেছিল।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক সংঘাতে আমরা ভিন্ন একটি চিত্র দেখি। সেখানে অনেক ক্ষেত্রে সমাজের ভেতরের বিভাজনগুলোকে কাজে লাগানো হয়েছে। শিয়া–সুন্নি দ্বন্দ্ব, কুর্দি জাতীয়তাবাদ, বিভিন্ন উপজাতীয় ও আঞ্চলিক বিভাজন—এসবকে ব্যবহার করে ঐক্য ভেঙে দেওয়া হয়েছে। ফলে কোনো একক জাতীয় ঐক্য তৈরি হয়নি, যেখানে পুরো সমাজ একসাথে দাঁড়িয়ে অস্তিত্বের লড়াইয়ে নামবে। যখন সমাজ ভেতর থেকেই বিভক্ত থাকে, তখন সেই অনুপ্রেরণার শক্তিও দুর্বল হয়ে যায়। যুদ্ধ তখন আর পুরো জাতির লড়াই থাকে না; বরং বিভিন্ন গোষ্ঠীর আলাদা আলাদা সংঘর্ষে পরিণত হয়। আর এই অবস্থাই বড় শক্তিগুলোর জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হয়ে ওঠে।
যুদ্ধকে আমরা প্রায়ই শুধু অস্ত্র, প্রযুক্তি বা অর্থনীতির প্রতিযোগিতা হিসেবে দেখি। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে—যুদ্ধের সমীকরণ এতটাও সরল নয়। বড় সাম্রাজ্যের হাতে বিপুল সম্পদ, উন্নত প্রযুক্তি এবং বিশাল সামরিক শক্তি থাকলেও, সমাজের ভেতরের বৈষম্য, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অহংকার অনেক সময় সেই শক্তিকেই ভঙ্গুর করে তোলে। অন্যদিকে তুলনামূলক দুর্বল রাষ্ট্রের শক্তি অনেক সময় তাদের সমাজেই নিহিত থাকে—মানুষের অনুপ্রেরণা, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সামাজিক ঐক্যে। যখন একটি জাতি বিশ্বাস করে যে তারা নিজেদের অস্তিত্বের জন্য লড়ছে, তখন যুদ্ধ শুধু সামরিক শক্তির হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে একটি সামগ্রিক জাতীয় সংগ্রাম। এই কারণেই যুদ্ধের ফলাফল অনেক সময় নির্ধারিত হয় যুদ্ধক্ষেত্রে নয়, বরং সমাজের গভীরে—মানুষের মনোবল, ঐক্য এবং দীর্ঘমেয়াদী ধৈর্যের মধ্যে। গেম থিওরির “অসামঞ্জস্যের নিয়ম” আমাদের সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়: শক্তি সব সময় সংখ্যায় বা প্রযুক্তিতে মাপা যায় না; অনেক সময় প্রকৃত শক্তি লুকিয়ে থাকে মানুষের ইচ্ছাশক্তি ও সমাজের সংহতির ভেতরেই।
