নিজস্ব প্রতিনিধি : হামের টিকা না কেনায় শিশু মৃত্যুর ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবি করেছেন একদল আইনজীবী। এই ইস্যুতে তাঁরা আন্তর্জাতিক আদালতে বা জাতিসংঘে যাওয়ারও হুঁশিয়ারি প্রদান করেছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা দেশে হামের প্রকোপকে ‘মহামারি’ ঘোষণার দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, সরকারের অদূরদর্শিতা ও সময়মতো টিকা না কেনার কারণেই আজ শত শত শিশুর প্রাণ যাচ্ছে।
সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন মাসুদ বলেন, রোম সনদের ৭ এর ‘ক’ ধারা অনুযায়ী শিশু হত্যা একটি মানবতাবিরোধী অপরাধ। টিকা না কিনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শামিল এবং এই অপরাধের বিচার জাতিসংঘে চাওয়া হবে।
আইনজীবী তামান্না ফেরদৌস বলেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ আইনজীবীদের অবস্থান। শিশুদের মৌলিক অধিকার টিকা থেকে বঞ্চিত করে দেশকে মহামারির দিকে ঠেলে দেওয়ার জন্য ইউনূস সরকারের বিচার হওয়া প্রয়োজন।
আরেক আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, শিশুদের জন্য জরুরি টিকা না কিনে দেশকে চরম স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, বিচার চাওয়ার বদলে এখন নিহত শিশুর বাবা-মাকেও পালিয়ে বেড়াতে হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫৪ বছর পরেও যদি অন্যায়ের বিচার হতে পারে, তবে এই শিশু হত্যার বিচারও ভবিষ্যতে হবেই। ড. ইউনূসকে এই দায়ভার নিতেই হবে এবং এর থেকে বাঁচার কোনো সুযোগ নেই।
সমাবেশ শেষে আইনজীবীরা “খুনি ইউনূস জবাব দে, শিশু হত্যার বিচার চাই” স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন। তাঁরা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত নিহত শিশুদের পরিবার ন্যায়বিচার না পাবেন, ততক্ষণ এই আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে।
