নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে হামের মহামারিতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবির ঢাকা মহানগর উত্তর এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও স্বাস্থ্য খাতে তারা প্রায় ৪১ হাজার ৪শ ৭ কোটি টাকা রেখে গিয়েছিল। পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও কেন টিকা কেনা হলো না, সেই প্রশ্ন তোলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, ড. ইউনূস দেশ ও শিশুদের সুরক্ষা দেওয়ার চেয়ে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের সুবিধা গ্রহণ, নিজের ট্যাক্স ফাঁকি মওকুফ এবং ব্যক্তিগত মামলা প্রত্যাহার নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। তাঁর এই উদাসীনতার কারণেই শত শত শিশু আজ কবরে।
সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কড়া সমালোচনা করে সিপিবি নেতারা বলেন, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে ‘কমিশন’ পাওয়া যাবে না দেখেই তারা বিকল্প পথে হাঁটার চেষ্টা করেছে। দুর্নীতির এই লালসার কারণেই দেশের শিশুদের জীবন আজ বিপন্ন।
সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না ও কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ। বক্তারা অবিলম্বে এই ‘গণহত্যা’র তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
