চ্যানেল ফোরটিন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্তে দেখা গেছে, কিছু মামলায় গুলিবিদ্ধ হওয়ার দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, এমনকি জীবিত ব্যক্তিকেও নিহত হিসেবে উপস্থাপন করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, সারা দেশে আন্দোলন-সংশ্লিষ্ট ১৯৫টি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলার তদন্ত করতে গিয়ে অন্তত ১৪টি ভুয়া মামলার প্রমাণ মিলেছে। এসব মামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা ও পারিবারিক বিরোধ কাজ করেছে বলে ধারণা তদন্ত সংস্থাটির।
একটি ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জে এক শিক্ষার্থীর মা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় তার ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে তদন্তে পিবিআই জানতে পারে, ওই শিক্ষার্থী আসলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। চিকিৎসা নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও কল ডিটেইলস বিশ্লেষণেও গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনের সময় এক তরুণ নিহত হয়েছেন দাবি করে আরেকটি মামলা করা হয়। কিন্তু তদন্তে বেরিয়ে আসে, যাকে মৃত বলা হয়েছিল তিনি জীবিত রয়েছেন। পরবর্তীতে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়।
পিবিআইয়ের তথ্যমতে, শনাক্ত হওয়া ১৪টি ভুয়া মামলার মধ্যে ১০টি ছিল হত্যাচেষ্টা, তিনটি হামলা ও নির্যাতন এবং একটি হত্যা মামলা। এছাড়া আরও ১০টি মামলায় অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
পিবিআইয়ের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. আবু ইউসুফ বলেন, অভিযোগগুলো একাধিকবার যাচাই করেও সত্যতা পাওয়া যায়নি। তাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে আসামিদের অব্যাহতির আবেদন করা হয়েছে।
এদিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ভুয়া মামলার কারণে নিরীহ মানুষ হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হন। তিনি জানান, দণ্ডবিধির ২১১ ধারার আওতায় মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
পিবিআই এখন পর্যন্ত ১৯৫টি মামলার মধ্যে ১১৩টির তদন্ত শেষ করেছে। এর মধ্যে ৮৯টি মামলার সত্যতা পাওয়া গেলেও বাকি অনেক মামলায় অভিযোগের ভিত্তি দুর্বল বা অসত্য বলে উঠে এসেছে।
Comments
Previous Article৪০০ শিশু হত্যার দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি
সংশ্লিষ্ট খবর
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
