মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগও তুলেছেন তারা।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রী হল সংলগ্ন টারজান পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি টারজান পয়েন্ট থেকে শুরু হয়ে প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল, চৌরঙ্গী, জাকসু ভবন ও ট্রান্সপোর্ট চত্বর প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপত্তা ব্যর্থতার দায়ে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও কুইক রেসপন্স টিম গঠন, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ বৃদ্ধি এবং জরুরি সহায়তায় নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
