চট্টগ্রামের সীতাকুণ্ডে আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু তাহের।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে। সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবুকে দেখতে তাঁর বাড়িতে যান আবু তাহের। সে সময় তাঁর হাতে একটি লম্বা ব্যারেলের শটগান ছিল, যা ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট দেখা যায়।
ছবিতে দেখা যায়, সাদা জুব্বা ও টুপি পরিহিত আবু তাহের কয়েকজনের সঙ্গে বসে আছেন এবং তাঁর হাতে একটি ‘পাম্প-অ্যাকশন’ ধরনের শটগান। স্থানীয়দের মধ্যে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে আগ্নেয়াস্ত্র সঙ্গে নেওয়ার প্রয়োজনীয়তা কী ছিল।
অস্ত্রবিশেষজ্ঞদের ধারণা, ছবিতে দেখা অস্ত্রটি ‘মসবার্গ ৫০০’ সিরিজ বা অনুরূপ কোনো মডেলের হতে পারে, যা সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো অস্ত্রটির ধরন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাইসেন্সধারী হলেও জনসমক্ষে অস্ত্র প্রদর্শন করা বিধিসম্মত নয়। আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র বহন করা গেলেও তা প্রকাশ্যে প্রদর্শন বা আতঙ্ক সৃষ্টির মতো আচরণ আইন লঙ্ঘনের শামিল হতে পারে। এমন ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারেন। প্রয়োজন হলে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যায়।
অভিযোগের বিষয়ে আবু তাহের বলেন, অস্ত্রটি তাঁর লাইসেন্সকৃত বৈধ শটগান। ব্যক্তিগত নিরাপত্তার কারণেই তিনি এটি সঙ্গে রেখেছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ছবি ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
