নিজস্ব প্রতিবেদক
‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে ঢাবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ বেশ কিছু স্থানে এসব পোস্টার সাঁটানো হয়।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এসব স্থাপনায় পোস্টার লাগানোর দৃশ্য দেখা গেছে।
ছাত্রলীগের দাবি সম্বলিত পোস্টার সাধারণ শিক্ষার্থীদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি জানার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল ও স্থাপনা থেকে ওই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও জানান যে, যেসব এলাকায় রাতে পোস্টার লাগানো হয়েছে, সেই সব পয়েন্টের নিরাপত্তাকর্মীদের তলব করা হবে এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হবে। এ ছাড়াও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা এই নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সঙ্গে জড়িত, তা শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় জাতীয় ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তারা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
