বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনাগুলো দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও প্রয়োজন মনে হলে আরও তদন্ত করতে হবে। কারণ বিষয়গুলো আদালতে রয়েছে।”
তিনি উল্লেখ করেন, সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আলোকে এগোবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”
নিজ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
