নিজস্ব প্রতিবেদক :সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে আগামী ২৮ আগস্টের এই প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’ নামের একটি স্থানীয় গোষ্ঠী। আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্য রক্ষায় আয়োজকরা দৃঢ় অবস্থানে থাকলেও, ধর্মভিত্তিক আপত্তির কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছর সুনাই নদীতে এই বার্ষিক নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। অতীতে এই আয়োজন নিয়ে কখনো কোনো ধরনের বাধা তৈরি হয়নি। কিন্তু এবার ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। আয়োজনের পক্ষে-বিপক্ষে ফেসবুকে তীব্র বাকযুদ্ধ চলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের একাধিক স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা জানান, সুনাই নদীর নৌকাবাইচ এই অঞ্চলের শত শত মানুষের বিনোদন ও আনন্দের অন্যতম প্রধান খোরাক। কয়েক দিন ধরে একটি বিশেষ গোষ্ঠী সামাজিক মাধ্যমে হুমকি ও লেখালেখি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এদিকে গত বৃহস্পতিবার বাদ মাগরিব বারইগ্রাম বাজার মসজিদের দ্বিতীয় তলায় এক সভা আহ্বান করে ‘তৌহিদী জনতা’ প্রতিযোগিতাটি বাতিলের জোরালো দাবি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন জানান, বিষয়টি ক্রমেই উত্তেজনার দিকে যাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ফেসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখির বিষয়ে তিনি অবগত হলেও আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে বিস্তারিত জানেন না।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, নৌকাবাইচ বন্ধ বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর এখনো থানায় পৌঁছায়নি। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
