উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি আয়োজন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনকে ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, শনি ও রোববার তিন দিনব্যাপী নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টারে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের আয়োজনের হোস্ট হিসেবে রয়েছে NRB Association USA।
চার দশকে পদার্পণ করা ফোবানার এই বিশেষ সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। ফোবানা দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির বিভিন্ন প্রজন্মকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
এবারের সম্মেলনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, কমিউনিটি সংবর্ধনা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও প্রবাসী কমিউনিটির পরিচিত মুখদের অংশগ্রহণে সম্মেলনের সাংস্কৃতিক পর্ব জমজমাট হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা। এবারের আসরের প্রধান আকর্ষণ থাকবে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর। তার সাথে থাকবেন, দিনাত জাহান মুন্নি, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক সায়মন সাদিক, বিন্দু কনা, টিনা রাসেল, নাজু আকন্দ, শাহ মাহবুব, কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী প্রিয়ংবদা ব্যানার্জিসহ আরও অনেক চমক। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সাজু খাদেম ও শারমিনা সিরাজ সোনিয়া।
৪০তম ফোবানা সম্মেলনকে ঘিরে ব্যবসা, পেশা, সংস্কৃতি ও কমিউনিটি নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফোবানার মূল লক্ষ্যগুলোর মধ্যে বাংলাদেশি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উত্তর আমেরিকার বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি অন্যতম।
তিন দিনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে মিলনমেলা, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের একটি বড় প্ল্যাটফর্ম। আয়োজকদের আশা, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই সম্মেলনে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আহবায়ক হিসেবে থাকবেন নরুল আমিন বাবু, সদস্য মন্জুর কাদের, প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম। ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন দেওয়ান মনিরুজ্জামান।
৪, ৫ ও ৬ সেপ্টেম্বরের এই আয়োজন ঘিরে এখন থেকেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে প্রস্তুতি ও প্রচারণা। এখানে উল্লেখ, ফোবানার ৪০তম সম্মেলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।
