নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার একটি আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সুনামগঞ্জ–২ আসনের জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রকাশিত এক আলোচনায় তিনি বলেন রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ–ওপিঠ।
রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নেওয়ার পর আদেশ অপেক্ষমাণ রাখে। পরে সন্ধ্যায় মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ পান ডিবি কর্মকর্তারা।
মামলায় অভিযোগ করা হয়, শিশির মনির রাজনৈতিক ফায়দা এবং উদ্দেশ্যমূলকভাবে দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাদী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদনও করেছেন।
ঘটনাটির প্রতিক্রিয়ায় শিশির মনির নিজের ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। তার আইন চেম্বার ‘ল ল্যাব’-এর প্যাডে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন মামলার বাদী ও সাক্ষীরা একই রাজনৈতিক দলের কর্মী এবং রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা করা হয়েছে। তিনি জানান, যথাসময়ে আদালতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।
