নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবনসহ দলটির একাধিক নেতা-কর্মীর বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় অবস্থিত পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এর আগে বিকেলে পাটগাতী বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দলীয় সূত্রগুলো আরও জানায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এসব সহিংসতায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া উপজেলার চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন দেওয়া হয় এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
