নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ ক্ষমতা দিলে বিএনপি দুর্নীতির লাগাম শক্তভাবে টেনে ধরবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে রোববার তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, বিএনপিকে ঘিরে নানা অপপ্রচার ছড়ানো হলেও দুই রাজনৈতিক ব্যক্তিত্ব—যারা আর বেঁচে নেই—তারা শেষ দিন পর্যন্ত বিএনপি সরকারের সঙ্গে ছিলেন। তার ব্যাখ্যা, এই অবস্থান প্রমাণ করে খালেদা জিয়ার প্রতি তাদের আস্থা ছিল এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা তাকে সমর্থন করেছিলেন।
তিনি দাবি করেন, “শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে খালেদা জিয়া, আর তাই বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব।”
২০০৩ সালের বিএনপি–জামায়াত জোট এবং সেই সময়ে জামায়াতের দুই মন্ত্রীকে ঘিরে আলোচনা প্রসঙ্গে তারেক রহমান ১৯৭১ সালের কথাও তোলেন। তিনি বলেন, কিছু ব্যক্তি ভোটের আগে জামায়াতকে নিয়ে প্রচার চালাচ্ছেন, অথচ দেশের মানুষ তাদের ভূমিকা একাত্তরেই দেখেছে।
তার ভাষায়, “১৯৭১ সালে তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। তাদের সহযোগীরা মা–বোনদের মর্যাদা পর্যন্ত লুট করেছে এ কথাটি ভুললে চলবে না।” তিনি দলের নেতা–কর্মী এবং জনগণকে একাত্তরে জামায়াতের ভূমিকা মনে রাখার আহ্বান জানান।
