ফোরটিন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যকার এক গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক পরদিনই আকস্মিক সফরে ঢাকায় এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছে তিনি রাজধানীর বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলে উঠেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তাঁর বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে তাঁর এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, পিটার হাসের ঢাকায় পৌঁছানোর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকার মার্কিন দূতাবাস ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও দুই শীর্ষ কূটনীতিকের আলোচনার বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। ঠিক এর পরদিনই পিটার হাসের ঢাকায় আগমন কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যাকসিলারেট এনার্জি’-তে কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বার্থ দেখভালের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্ন কার্যক্রমেও তাঁর সক্রিয় যোগাযোগ রয়েছে বলে আলোচনা আছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, জ্বালানি খাতের উপদেষ্টার পরিচয়ে বাংলাদেশে তাঁর নিয়মিত যাতায়াতের পথটি সবসময়ই উন্মুক্ত রয়েছে।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অত্যন্ত সরব ছিলেন পিটার হাস। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তিনি নির্বাচন কমিশন, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন।
সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁর কর্মকাণ্ডকে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করেছিল, অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলো তাঁর অবস্থানকে ইতিবাচকভাবে নিয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর তিনি নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হয়নি বলেও স্পষ্ট মন্তব্য করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী ডিসেম্বরকে ঘিরে চলমান নানা মেরুকরণের মধ্যে পিটার হাসের এই সাত দিনের সফরকে নিছক ব্যবসায়িক সফর হিসেবে দেখছেন না অনেকেই। এমনকি যে আওয়ামী লীগ একসময় পিটার হাসকে নিজেদের প্রধান সমালোচক ও প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করত, মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠকের পর তাঁর এই আকস্মিক সফরকে ঘিরে দলটির সমর্থক মহলেও নতুন করে নানা হিসাবনিকাশ ও কৌতূহল তৈরি হয়েছে।
