নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দিনভর বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয় খুলে দেওয়া, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগ ওঠে।
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত কর্মসূচির প্রস্তুতি হিসেবে রোববার সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশের সময় বিক্ষোভকারীদের কারও কারও হাতে দা, কুড়াল, রামদা, লগি-বৈঠা ও লাঠিসোঁটা দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, বেলা ১২টার দিকে মিছিলকারীরা শহরের ব্যাংকপাড়ায় ২০২৪ সালের আগস্ট থেকে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে সেটি খুলে দেন। এ ছাড়া লঞ্চঘাট এলাকার স্টেডিয়ামের কাছে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পুড়িয়ে দেওয়া হয়। শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পাশাপাশি পুলিশের একটি যানবাহনে অগ্নিসংযোগ ও একটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশের গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিতে এবং পুলিশের উপস্থিতির পাশ দিয়েই মিছিল নিয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাঙচুর করা হয়। একই সময়ে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ ব্যানার টানানো হলেও পরে একদল শিক্ষার্থী এসে পুনরায় ‘হাদি চত্বর’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন।
দিনভর এসব ঘটনার পর বিকেলে গোপালগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলায় পুলিশের ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও ফোর্স নিয়োজিত ছিল। তাঁর দাবি, জাতীয় মহাসড়ক এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি এবং মূল শহরের সরকারি স্থাপনাগুলো সুরক্ষিত রাখা হয়েছে। একই ব্রিফিংয়ে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসনের অফিস কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজারের বেশি লোকের ঘেরাওয়ের পরিস্থিতি তৈরি হলেও সব বাহিনী মিলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং সরকারি ও জনগণের সম্পত্তিতে কোনো নাশকতা বরদাশত করা হবে না।
এদিকে দিনভর উত্তেজনাকর পরিস্থিতির পর বিকেলেই গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসির দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করে তাঁর স্থলে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বরও গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।
