নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এসব কর্মসূচির সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাটগাতি বাসস্ট্যান্ডে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি মধ্যপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বর্ণি বাজারে পৌঁছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ছাড়া পুরো বর্ণি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
এরপর রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নীলফা বাজারে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে নীলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটও ভাঙচুর করা হয়।
পরবর্তীতে রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আবারও পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা অভিযোগ করে বলেন, নীলফা বাজারের বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
