নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকদের এই অবস্থানের ফলে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৯টার দিকে তেলিরচালা এলাকার ‘লেভেন্ডা গার্মেন্টস’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ শুরু করেন। এতে ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা সড়ক না ছেড়ে উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
