নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এই ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। মিছিলের একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পরে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, একই রাতে উপজেলার বর্ণি বাজারেও বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে মিছিল শেষে যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরপর দুটি স্থানে এমন হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে নিলফা ও বর্ণি বাজারের সব দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, নিলফা ও বর্ণি বাজারে বিএনপি এবং যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছি।
তবে হামলার বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি বা বিষয়টি তাঁর জানা নেই। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
