ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত ১১ নভেম্বর অঙ্গরাজ্যটির গ্যাডসডেন শহরের ‘গ্যাডসডেন ইসলামিক সোসাইটি’ মসজিদে এই হামলার ঘটনা ঘটে।
শনিবার (১৪ নভেম্বর) এফবিআইয়ের বার্মিংহাম ফিল্ড অফিস থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এর আগে মুসলিম নাগরিক অধিকার সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ (সিএআইআর) আলাদাভাবে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ফলে হামলাকারীকে ধরিয়ে দিতে দুটি প্রতিষ্ঠানের ঘোষিত মোট পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ডলার।
তদন্তকারীদের প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে ধূসর পোশাক, হুডি ও মুখোশ পরা এক ব্যক্তি সাউথ নাইনথ স্ট্রিটে অবস্থিত মসজিদটির মূল প্রবেশপথের সামনে আসে। এরপর সে আগুন ধরানো একটি বস্তু দরজার দিকে ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়। সিএআইআরের দাবি, হামলায় পেট্রোলবোমা বা মলোটভ ককটেল ব্যবহার করা হয়েছে।
গ্যাডসডেন ফায়ার ডিপার্টমেন্ট জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মসজিদের প্রবেশপথের জ্বলন্ত পাপোশের আগুন নিভিয়ে ফেলেন। আগুন ভেতরে ছড়িয়ে না পড়ায় মসজিদের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
এফবিআইয়ের বার্মিংহাম অফিসের বিশেষ এজেন্ট ডেভিড আর ফিটজগিবনস বলেন, উপাসনালয় লক্ষ্য করে এ ধরনের সহিংসতা পুরো কমিউনিটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। গ্যাডসডেন পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে অপরাধীকে আইনের আওতায় আনতে এফবিআই প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
এদিকে গ্যাডসডেন ইসলামিক সোসাইটি এক বিবৃতিতে জানায়, মুসলিম কমিউনিটির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এ ধরনের হামলা স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের ওপর আঘাত বলে উল্লেখ করে সংগঠনটি দ্রুত অপরাধীর গ্রেপ্তার দাবি করেছে। গ্যাডসডেনের মেয়র ক্রেইগ ফোর্ডও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহরে সব বাসিন্দার নিরাপদ বসবাসের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন।
সিএআইআর ঘটনাটিকে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্তের আহ্বান জানালেও তদন্তকারী সংস্থাগুলো এখনো হামলার প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত করেনি। পলাতক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে এফবিআইয়ের ১-৮০০-২২৫-৫৩২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদসূত্র: এফবিআই, সিএআইআর,
