নিউইয়র্কে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাস ও নস্টালজিয়ায় উদযাপিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘হিমেল হাওয়ার গান ও আড্ডা’। প্রাণের ক্যাম্পাসের স্মৃতি, বন্ধুত্ব আর প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝে একে অপরের সান্নিধ্য পেতে ১ম থেকে ৪৩তম ব্যাচের প্রাক্তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আড্ডা, গান, নাচ, কবিতা ও কৌতুকের পাশাপাশি অনুষ্ঠানে ছিল নানা ধরনের বাহারি পিঠার আয়োজন। ছিল ব্যতিক্রমী আচার প্রতিযোগিতাও। প্রাক্তন জাবিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়। অংশগ্রহণকারীদের জন্য স্মারক হিসেবে বিতরণ করা হয় বিশেষ টোট ব্যাগ।
এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণ। প্রজন্মের ২১ জন শিশু-কিশোরের মোবাইল আলোকচিত্র প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। তাদের চোখে দেখা নিউইয়র্ক ও চারপাশের নানা মুহূর্তের ছবি প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করে।
এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত হয় ব্যক্তিগত সংগ্রহের ৪১টি দুর্লভ পোস্টার। ঐতিহাসিক ও নান্দনিক বৈচিত্র্যে সমৃদ্ধ এসব পোস্টার পুরো হলরুমকে ভিন্ন এক আবহে সাজিয়ে তোলে। প্রদর্শনীতে উপস্থিত জাবিয়ানদের মধ্যে সৃষ্টি হয় স্মৃতিচারণ ও পুরোনো দিনের নানা গল্পের আসর।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনকে প্রবাসের মাটিতে আরও শক্তিশালী করা। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও ক্যাম্পাসের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াও এ আয়োজনের একটি গুরুত্বপূর্ণ দিক।
গান, কবিতা, নাচ, হাসি-আড্ডা, পিঠার স্বাদ, আলোকচিত্র ও দুর্লভ পোস্টারের প্রদর্শনী সব মিলিয়ে ‘হিমেল হাওয়ার গান ও আড্ডা’ হয়ে ওঠে প্রবাসে জাহাঙ্গীরনগরের স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। উক্ত আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন আহবায়ক আকতার আহমেদ রাশা, সদস্য সচিব সুব্রত পাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মেঘনা পাল ও সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ ।
প্রাণের ক্যাম্পাসের স্মৃতি আর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য রেখে যায় আনন্দ, ভালোবাসা ও নস্টালজিয়ায় ভরা এক স্মরণীয় দিনের স্মৃতি।
