নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে পিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ছয়ানী ইউনিয়ন বাজারের ‘মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায়’ এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা জানান, অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। কয়েক দিন আগে তিনি মাদ্রাসার ১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শনিবার বিকেলে এলাকাবাসী একত্রিত হয়ে মাদ্রাসাটি ঘেরাও করেন এবং অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে ধরে পিটুনি দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনই বেগমগঞ্জ মডেল থানা-পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার কবল থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, শিশু নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
