নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির এসআই জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং ডিবি সদস্যদের অবরুদ্ধ করেন। পরে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডিবি সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সরকারি কলেজ ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
