আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ঐতিহাসিক শহর নাফপ্লিওতে বৈধ কাগজপত্র ছাড়াই বিনা বাধায় কাজ ও বসবাস করা সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এমন ভিডিও প্রকাশ করে তীব্র বিতর্কের মুখে পড়া বাংলাদেশি যুবক মো. হাসানসহ ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৌলভীবাজার জেলার বাসিন্দা ২৭ বছর বয়সী মো. হাসান প্রায় পাঁচ বছর ধরে গ্রিসে অবস্থান করছিলেন। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, নাফপ্লিও শহরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্যও কোনো ঝুঁকি নেই। এমনকি সেখানে ৫০ বছর লুকিয়ে কাটালেও স্থানীয় পুলিশ কাউকে খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর গ্রিসের মূলধারার টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশিত হয়, যা সরাসরি গ্রিক আইনপ্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের নজরে আসে। দেশটির পুলিশ ভিডিওর সূত্র ধরে হাসানকে শনাক্ত করে আটক করে। পরে গ্রিসের অভিবাসন আইন অনুযায়ী তাঁর বিদ্যমান রেসিডেন্স পারমিট বাতিল করা হয়। একই সঙ্গে দেশটিতে বৈধতা পেতে তিনি যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, তা তৃতীয়বারের মতো চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয়।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, অবৈধ অভিবাসনে উসকানি দেওয়া ওই ব্যক্তির যাবতীয় আইনগত সুবিধা বাতিল করা হয়েছে। বারবার আশ্রয়ের আবেদন করে অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা চললেও দেশটির আইন অনুযায়ী তাঁকেসহ মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার ফ্লাইটে বহিষ্কার করা হয়েছে। গ্রিসে অবৈধ অবস্থানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও অনিয়মিত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে ঘটনাটি ঘিরে গ্রিসে বসবাসরত সাধারণ বাংলাদেশি কমিউনিটিতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বৈধভাবে বসবাসরত প্রবাসীদের অভিযোগ, সস্তা জনপ্রিয়তা ও ভিউয়ের লোভে বিপজ্জনক সাগরপথে আসা কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের বাস্তব পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে স্থানীয় সমাজ ও প্রশাসনের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কঠোর আইনি বিধিনিষেধ ডেকে আনতে পারে।
