ফোরটিন ডেস্ক : ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় এবং পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানের ব্যবসাপ্রতিষ্ঠান, তারকা হোটেল, কলকারখানা ও রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের নাম ‘জুলাই শহীদ’-এর সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে নজিরবিহীন বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেল, নাটোরে সাবেক এমপির বাড়ি, লালমনিরহাটের রাজনৈতিক কার্যালয় কিংবা রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানায় সংঘটিত নারকীয় অগ্নিকাণ্ডের সময় বহু মানুষ ভেতরে থাকা অবস্থাতেই পুড়ে মারা যান। বিভিন্ন প্রত্যক্ষদর্শী বিবরণ, সংবাদ প্রতিবেদন ও স্থানীয় তথ্যে উঠে এসেছে—এদের একটি বড় অংশই ঘটনার সময় লুটপাট ও ভাঙচুরে লিপ্ত ছিল। অথচ আন্দোলনের মাঠের আত্মত্যাগের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তদন্ত ছাড়াই কীভাবে এসব ব্যক্তির নাম রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘জুলাই শহীদ’ তালিকায় ঠাঁই পেল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সচেতন মহলের অভিযোগ, কোনো ধরনের নিরপেক্ষ মাঠপর্যায়ের যাচাই-বাছাই ও ফরেনসিক পর্যালোচনা ছাড়াই তাড়াহুড়ো করে তালিকা চূড়ান্ত করায় প্রকৃত শহীদদের আত্মত্যাগের অবমূল্যায়ন করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে অগ্নিদগ্ধ হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় ‘শহীদ’ মর্যাদা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দ্রুত এই তালিকা পুনর্মূল্যায়ন ও সংশোধনের জোরালো দাবি উঠেছে।
