নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন নারী সদস্যের সঙ্গেই এমন ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত এবং তাঁর স্বামীও একই থানার একজন পুলিশ কনস্টেবল। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ভুক্তভোগী নারী কনস্টেবলের স্বামী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে থানা থেকে দায়িত্ব পালন শেষে সাদা পোশাকে হেঁটে একাই বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছের একটি নির্জন স্থানে পৌঁছামাত্র পেছন থেকে অজ্ঞাত এক তরুণ তাঁর মুখ চেপে ধরে এবং জোরপূর্বক সড়কের পাশের ফাঁকা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাশেই একটি মোটরসাইকেল নিয়ে অপর এক তরুণ অপেক্ষমাণ ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে নারী কনস্টেবলটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।
তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীরা তাঁর স্ত্রীর সঙ্গে থাকা কোনো মূল্যবান জিনিসপত্র বা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। পুরো ঘটনাটি নিছক ছিনতাই নাকি পরিকল্পিত কোনো অপহরণের অপচেষ্টা ছিল, তা খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনাস্থলের পাশেই বাড়ি স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের। তিনি জানান, অন্ধকার রাস্তায় হঠাৎ এক নারীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তিনি এবং তাঁর স্ত্রীসহ প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দা হওয়ায় তাঁরা ভুক্তভোগী নারী পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে চিনতে পারেন এবং থানায় খবর দেন। পরে জুড়ী থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি বেশ অন্ধকার ছিল। তবে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণের গতিবিধি স্পষ্ট দেখা গেছে, যেখানে একজন তরুণ নারী কনস্টেবলটির পিছু নিয়েছিল। তিনি আরও জানান, প্রাথমিক পর্যালোচনায় ছিনতাই বা অসৎ উদ্দেশ্য হিসেবে ধারণা করা হলেও জড়িত দুই তরুণকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।
