ফোরটিন ডেস্ক : দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার ‘গণসংযোগ ও গণপ্রতিবাদ’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর (শুক্র, শনি ও রোববার) ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে’ স্লোগানে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ ১৪ নভেম্বর সারাদেশে ৮ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, সার্বিক প্রচার ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। দ্বিতীয় দিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে দেশব্যাপী রাজপথে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
কর্মসূচির শেষ দিন ১৬ নভেম্বর দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে ৮ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করবে দলটি। একই দিনে বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান কার্যালয়ে প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।
দলটির উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি ব্যয় কমানো, বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করে কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে রাজপথে সক্রিয় থেকে ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের অধিকার ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
