নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : আমীর নির্বাচন ও অভ্যন্তরীণ কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিলয়ায় জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মহানগর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে গাংচরস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটে।
অন্যান্য মূলধারার রাজনৈতিক দলের মতো অপকর্ম ও সংঘাতের সংস্কৃতিতে বিশ্বাস করে না জামায়াত নেতাদের এমন দাবির মুখেই নিজ দলের ভেতরে প্রকাশ্যে এই সহিংসতার চিত্র সামনে এলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন আমীর নির্বাচন ও পদবঞ্চিতদের ক্ষোভের জেরে দুই পক্ষ কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণ ঘটায়।
উত্তেজনার একপর্যায়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি বেপরোয়াভাবে ভাঙচুর করে তছনছ করে দেয়।
জামায়াত নেতৃত্ব বিষয়টিকে নিজেদের অভ্যন্তরীণ সংকট উল্লেখ করে মিডিয়ায় ব্রিফিং দেওয়ার কথা বললেও ঘটনার পর থেকে শীর্ষ কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
রাজনৈতিক সুবিধার চেয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকাই সার্বজনীন রাজনৈতিক শিষ্টাচার।
