নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক অনুজীব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনায় দায় গড়ায় শিক্ষকদের তদারকির ওপর। জানা গেছে, আয়োজক শিক্ষার্থীরা ইউটিউব থেকে সর্বোচ্চ ভিউ হওয়া জাতীয় সংগীতের একটি ভিডিও ক্লিপ ডাউনলোড করে অডিটোরিয়ামের ডিজিটাল স্ক্রিনে প্রচার করে। তবে ভিডিওটির শেষ ১০ সেকেন্ডে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ছবি ভেসে ওঠে।
বিষয়টি নজরে আসার সাথে সাথেই স্ক্রিন থেকে দ্রুত ছবি সরিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বিষয়টিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা উল্লেখ করে অন্তর্ঘাত বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখার তাগিদ দেন।
এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে শোকজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের কারণ দর্শানোর লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
